বিদায় করেছ যারে নয়নজলে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
বিদায় করেছ যারে নয়নজলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে গো।
আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে।
সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশ দিশি কুসুমদলে।
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি,
যদি ওই মালাখানি পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বার বার,
সে মন ফিরে না আর যে গেছে চলে
ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল—
চিরদিন আকুল পরান জ্বলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে গো।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন