আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে
তোমার ভাবনা তারার মতন রাজে।
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,
আমার লুকায় বেদনা অঝরা অশ্রনীরে—
অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে।
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান।
পরানের সাজি সাজাই খেলার ফুলে,
জানি না কখন নিজে বেছে লও তুলে—
তুমি অলখ আলোকে নীরবে দুয়ার খুলে
প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন