যেতে যদি হয় হবে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
যেতে যদি হয় হবে—
যাব, যাব, যাব তবে॥
লেগেছিল কত ভালো এই-যে আঁধার আলো—
খেলা করে সাদা কালো উদার নভে।
গেল দিন ধরা-মাঝে কত ভাবে, কত কাজে,
সুখে দুখে কভু লাজে, কভু গরবে॥
প্রাণপণে কত দিন শুধেছি কঠিন ঋণ,
কখনো বা উদাসীন ভুলেছি সবে।
কভু ক’রে গেনু খেলা, স্রোতে ভাসাইনু ভেলা,
আনমনে কত বেলা কাটাই ভবে॥
জীবন হয় নি ফাঁকি, ফলে ফুলে ছিল ঢাকি,
যদি কিছু রহে বাকি কে তাহা লবে!
দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে
যাব চলে হাসিমুখে— যাব নীরবে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন