তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে—
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা॥
‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে—
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে—
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে॥
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন