কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা
শিল্পী: লালন
গীতিকার: লালন
কয় দমেতে বাজে ঘড়ি করবে ঠিকানা।
কয় দমে আজ দিন রজনী চলছে বল না॥
দেহের খবর যে জন করে
অনেক রূপ সে দেখতে পারে,
অনেক দম হাওয়ায় চলেরে
কি আজব কারখানা॥
দেহ-তলায় ঘড়ি ঘোরে,
শব্দ হয় শব্দের ঘরে,
ও আর কলকাঠি মুকুলের দ্বারে
দমে আসল চেনা॥
দমের সঙ্গে কর সম্মিলন
অজান খবর জানবি রে মন
বিনয় ক’রে বলছে লালন,
ঠিকের ঘর ভুলো না॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন