এমন মানব-জনম আর কি হবে
শিল্পী: লালন
গীতিকার: লালন
এমন মানব-জনম আর কি হবে।
মন যা করো ত্বরায় করো এই ভবে॥
অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের উত্তর কিছুই নাই,
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে॥
কতো ভাগ্যের ফলে না জানি
মন রে, পেয়েছো এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায় তরী
সু-ধারায় যেন ভরা না ডোবে॥
এই মানুষে হবে মাধুর্য-ভজন
তাইতে মানুষ-রূপ গঠল নিরঞ্জন
এবার ঠকলে আর না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন