দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
দীপ্ত সে হেম,
নিত্য সে নিঃসংশয়,
গৌরব তার অক্ষয়।
দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাস
যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ—
তৃষ্ণাদহনমুক্ত অনুদিন অমলিন রয়।
গৌরব তার অক্ষয়।
অশ্রু-উৎস-জল-স্নানে তাপস জ্যোতির্ময়
আপনাকে আহুতি-দানে হল সে মৃত্যুঞ্জয়।
গৌরব তার অক্ষয়।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন