তোমার আনন্দ ওই গো
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার আনন্দ ওই গো
তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো, ওগো পুরবাসী।
বুকের আঁচলখানি সুখের আঁচলখানি—
দুখের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো।
সেচন কোরো— তার পথে পথে সেচন কোরো—
পা ফেলবে যেথায় সেচন কোরো গন্ধবারি;
মলিন না হয় চরণ তারি—
তোমার সুন্দর ওই গো—
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল গো।
হৃদয়খানি— আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো—
রেখো না, রেখো না গো ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো।
তোমার সকল ধন যে ধন্য হল হল গো।
বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার—
ঘরের দুয়ার খোলো গো।
রাঙা হল— রঙে রঙে রাঙা হল— কার হাসির রঙে
হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলক-মগন—
তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।
পরান-প্রদীপ— তোমার পরান-প্রদীপ তুলে ধোরো ওই আলোতে—
রেখো না, রেখো না গো দূরে—
ওই আলোতে জ্বেলো গো।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
Comments
Post a Comment